মিউজিক ডে-র স্মৃতি
সম্প্রতি আমাদের গ্রুপের একজনের আমন্ত্রণে মিউজিক ডে সেলিব্রেশনে গিয়ে ছেলেদের উৎসাহ দেখে বেশ ভালো লাগল। সেটা হঠাৎই চার বছর আগের আমার জার্মানির অভিজ্ঞতাকে তরতাজা করে দিল।
আমি এক মাস কাটিয়েছিলাম জার্মানির এক দূরবর্তী গ্রামে। গ্রামের নাম ছিল Bad Düben—যদিও তার মধ্যে কোনো Bad ছিল না, কারণ জার্মান ভাষায় Bad মানে স্পা বা বাথ। গ্রামটিতে গভীর অরণ্যের মধ্যে অনেকগুলো গরম জলের ধারা ছিল। দুই দিক ঘিরে রেখেছিল এলবে আর মুল্ডে নদী। মাঝখানে ছিল একটি চার্চ, যা ছিল কেন্দ্রবিন্দু। সপ্তাহান্তে সেখানে চলত সফট বা হার্ড রক প্রোগ্রাম—শুক্রবার থেকে রবিবার অবধি।
বারবিকিউ আর স্থানীয় বিয়ারের সাথে সফট রক মিউজিক, আর ঝিরঝিরে বৃষ্টি—মনে হতো যেন এ এক স্বপ্নের দেশ। দূষণবিহীন বলে বৃষ্টি পড়ত নিঃশব্দে।
একদিন মজার ঘটনা ঘটল। বৃষ্টি থেকে বাঁচতে বড় বড় ছাতার নিচে আশ্রয় নিয়ে প্রোগ্রাম দেখছিলাম। হঠাৎ চোখ গেল এক জার্মান বন্ধুর দিকে—দেখি তিনি খুব উদ্বিগ্নভাবে কাউকে খুঁজছেন। পরমুহূর্তে দেখি আমাদের গ্রুপের পেছনে লুকোচুরির চেষ্টা করছেন। ভাবলাম, এ কেমন খেলা, তাও এই বয়সে!
কলিগরা ইশারা করল সামনের দিকে—দুটি টিনএজার জার্মান তরুণী, যারা আমাদের মতোই আনন্দ করছিলেন বিয়ার আর সিগারেট সহযোগে। পরে জানলাম, যিনি লুকোচুরি খেলছিলেন তিনি আসলে ওই দুই তরুণীর বাবা। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় তার টেনশন এত বেড়ে গিয়েছিল যে পরদিন কাজে অনুপস্থিত ছিলেন।
এ হলো আরেক ধরনের টেনশন—অল্প লোকের জায়গায় বাবা-মাকে প্রতিনিয়ত লুকোচুরি খেলতে হয়, যাতে ছেলে-মেয়েদের কর্ম ধরা না পড়ে। তার চেয়ে আমাদের দেশ অনেক ভালো—এত লোকের ভিড়ে কোথাও হারিয়ে যাওয়ার ভয় নেই।
Comments
Post a Comment